ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দক্ষিণ বাসুদেবপুর টাওয়ারের মোড়সংলগ্ন আদিবাসী পাড়া থেকে ১০০ লিটার মদসহ নেপাল হাসদা নামের এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
গতকাল রাতে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ এ কে এম খন্দকার মুহিব্বুল এর নির্দেশে এসআই কমলাকান্ত ফুলবাড়ী থানার একটি চৌকস টিম নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় নেপাল হাসদার নিজ বাড়ি থেকে ১০০ লিটার মদ উদ্ধার করে তাকে গ্রেফতার করা হয়।
পরে তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।
থানা পুলিশ জানায়, নেপাল হাসদা দীর্ঘদিন ধরে মদের ব্যবসা চালিয়ে আসছে। গোপন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে অফিসার ইনচার্জ জানান, ফুলবাড়ীতে মাদকের শেকড় উপড়ে ফেলতে পুলিশের অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে একটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি আরও বলেন, কোনো মাদক ব্যবসায়ী পুলিশের হাত থেকে রেহাই পাবে না। ইতোমধ্যে মাদকের গডফাদারদেরও গ্রেফতার করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলিশের এ অভিযানে আন্তরিকভাবে সহযোগিতা করছেন। পুলিশ ও নির্বাহী কর্মকর্তার সমন্বয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে অনেককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে।
ফুলবাড়ীকে মাদকমুক্ত রাখতে সকল নাগরিকের সহযোগিতা কামনা করেন তিনি।
জেএইচ/ইডি