সিরাজগঞ্জ জেলা অটোটেম্পু ও অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-এর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৪ ডিসেম্বর (শুক্রবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে পৌর এলাকার হাজী আহাম্মাদ আলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গোপন ব্যালটের মাধ্যমে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার(৭ নভেম্বর) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের রেলগেট সংলগ্ন আলা বক্সের মার্কেটের ৩য় তলায় অবস্থিত ইউনিয়নের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়।
এর আগে গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিরাজগঞ্জ জেলা ট্রাক ও কাভার্ডভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. এ. ওয়াহাব। কমিটির অন্য সদস্যরা হলেন সিরাজগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ, তোফায়েল আহমেদ মিল্টন এবং আব্দুল মজিদ পিয়ার।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১০ ও ১১ নভেম্বর সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ এবং ১২ নভেম্বর সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দাখিল করা যাবে। ১৩ নভেম্বর মনোনয়নপত্র বাছাই এবং ১৪ নভেম্বর আপত্তি গ্রহণ, শুনানি ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন হবে। ১৫ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করা হবে। আগামী ৪ ডিসেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এবং ভোট কেন্দ্রেই গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে।
১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এ নির্বাচনে সভাপতি একজন, কার্যকরী সভাপতি একজন, সহ-সভাপতি একজন, সাধারণ সম্পাদক একজন, যুগ্মসাধারণ সম্পাদক একজন, সহ-সাধারণ সম্পাদক একজন, সাংগঠনিক সম্পাদক একজন, অর্থ বিষয়ক সম্পাদক একজন, সড়ক সম্পাদক একজন, প্রচার সম্পাদক একজন, দপ্তর সম্পাদক একজন, সমাজকল্যাণ সম্পাদক একজন, ক্রিয়া সম্পাদক একজন, সাংস্কৃতিক সম্পাদক একজন, ধর্ম বিষয়ক সম্পাদক একজন সর্বমোট ১৫ প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঘোষিত আচরণ বিধি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাযজ্ঞ মামলার এজাহারভুক্ত আসামিরা এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। এছাড়া সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে ভোটের দিন সিরাজগঞ্জ জেলায় সদস্যদের পরিচালিত সকল অটোটেম্পু ও অটোরিক্সা চলাচল বন্ধ থাকবে এবং ভোট গ্রহণের ২৪ ঘণ্টা পূর্বে সকল নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকবে।
নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এম. এ. ওয়াহাব জানান, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গণতান্ত্রিক নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তিনি শ্রমিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় সর্বসাধারণের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।