সিরাজগঞ্জ ইকো পার্কের বন পাহারাদার হয়ে ফরেস্ট অফিসারের পরিচয়ে ফানিচার ট্রাকে চাঁদা উত্তোলনের সময় হাতেনাতে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। এই ঘটনায় ট্রাক চালক বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার রাত ৯ টার দিকে পৌর শহরের রহমতগঞ্জ কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ ইকো পার্কের বন পাহারাদার পদে কর্মরত মো. রিপন মিয়া দীর্ঘ দিন ধরে ফরেস্ট অফিসার পরিচয়ে সিরাজগঞ্জ থেকে ঢাকা ও আশেপাশের জেলায় ফার্নিচার নিয়ে যাওয়ার সময় প্রতিটি ট্রাক থেকে ১ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত চাঁদা উত্তোলন করে আসছে। চাঁদা না দিলে ট্রাকে ড্রাইভার ও হেলপারদের বিভিন্ন মামলা হামলার ভয় ভীতি দেখাতো। সর্বশেষ গত ১৪ই নভেম্বর বৃহস্পতিবার রাত ৮ টার দিকে কাজিপুর উপজেলা থেকে পিকআপ ভ্যান ঢাকা নারায়ণগঞ্জের উদ্দেশ্যে রওনা হলে রহমতগঞ্জ কবরস্থানের সামনে পিক-আপ ভ্যান-ঢাকা মেট্রো- ন-১৯-৭৪২২ ট্রাকটি গতিরোধ করে ১ হাজার টাকা দাবি করেন। এই চাঁদার বৈধতা কি জানতে চায় ট্রাক চালক মো. মোকলেছুর রহমান। এ সময় সিরাজগঞ্জ ইকো পার্কে বন পাহারাদার মো. রিপন শেখ ট্রাকচালকের উপর মারমুখী হয়ে ওঠে এক পর্যায়ে এলাকাবাসী এগিয়ে আসলে কথিত ফরেস্ট অফিসার কে পাকড়াও করে পুলিশের কাছে সোপর্দ করে।
এ বিষয়ে কথিত ফরেস্ট অফিসারের বিরুদ্ধে ট্রাকচালক মো. মোকলেছুর রহমান বাদী হয়ে শুক্রবার (১৫ নভেম্বর) একটি মামলা দায়ের করেন।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি হুমায়ুন কবির বলেন, সিরাজগঞ্জ ইকো পার্কের বন পাহারাদার মো. রিপন শেখের বিরুদ্ধে ট্রাকের ফার্নিচার পরিবহনের সময় চাঁদা নেওয়ার অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে। দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।