পাকিস্তানী আর্মির নির্মম নির্যাতনে মৃত্যু বরণকারী শহীদ মসিয়ূর রহমানের শাহাদৎ বার্ষিকী আজ।
অ্যাডভোকেট শহীদ মসিয়ূর রহমান ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে যশোরের চৌগাছা উপজেলার সিংহঝুলি গ্রামে জন্মগ্রহণ করেন । তিনি ১৯৩৬ সালে যশোর জিলা স্কুল থেকে ম্যাট্রিক এবং ১৯৪৪ সালে কোলকাতার লর্ড রিপন কলেজ থেকে আইনজীবী হিসেবে ডিগ্রি লাভ করেন। ১৯৪৭ সালের ভারত বিভক্তির আন্দোলনে তিনি সক্রিয় ছিলেন। ১৯৪৯ সালে মাত্র ৩২ বছর বয়সে যশোর জেলা বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ভাষা আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করেন এবং বিভিন্ন আন্দোলন-সংগ্রামে একাধিকবার জেল-জুলুমের শিকার হন। তিনি শুধু একজন প্রখ্যাত আইনজীবীই ছিলেন না, তিনি ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে এমএনএ নির্বাচিত হন এবং আইনমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি ১৯৭০ সালের নির্বাচনেও এমএনএ হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হন। ১৯৭১ সালের ২৫ মার্চ ভয়াল কালো রাতে তিনি যশোর শহরের সিভিল কোর্ট এলাকার বাসভবন থেকে গ্রেফতার হন এবং সেনানিবাসে আটক অবস্থায় নির্মম নির্যাতনের মুখোমুখি হন। সে নির্যাতনের এক পর্যায়ে ১৯৭১ সালের ২৩ এপ্রিল তিনি যশোর সেনানিবাসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।