যশোরের চৌগাছায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান বিভিন্ন মিষ্টি ও ফলের দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন। মঙ্গলবার দুপুরে তিনি পৌর সদরের একাধিক দোকানে অভিযান চালিয়ে নগদ অর্ধ লাখ টাকা জরিমানা আদায় করেন।
সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান পৌর সদরের আসল ঘোষ ডেয়ারীতে অভিযান চালান। এ সময় সেখানে নানা অনিয়ম ধরা পড়ায় হোটেল মালিক শমর কুমার ঘোষকে নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। একই সময় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে অভিযান চালিয়ে অনিয়মের কারনে ২০ হাজার, নিউ সাতক্ষীরা ঘোষ ডায়েরীতে অভিযান চালিয়ে ৫ হাজার, সাতক্ষীরা আদি ঘোষ ডেয়ারীতে ৭ হাজার, সাতক্ষীরা ঘোষ ডেয়ারীতে ৩ হাজার, আলম মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার এবং আশিক ফল ঘরকে ২ হাজার টাকা জরিমানা করেন।
এ সময় চৌগাছা সরকারী হাসপাতালের স্যানেটারী ইন্সপেক্টর আব্দুর রউফ, চৌগাছা পৌরসভার স্যানেটারী ইন্সপেক্টর মেহবুব হুসাইন, চৌগাছা থানা পুলিশের সদস্যগন উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাসমিন জাহান বলেন, প্রত্যেক মিষ্টির হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরী করাসহ নানা অনিয়মের কারনে ভোক্তা অধিকার সংরক্ষন আইনে ৭টি মিষ্টির হোটেল ও এক ফল ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়েছে। এ ধরনের অভিযান গোটা উপজেলাতে অব্যহত থাকবে।