বলিউড অভিনেত্রী দীপিকা কক্কর লিভার ক্যানসারে আক্রান্ত হয়েছেন। চলতি বছরের মাঝামাঝি সময়টাতে দ্বিতীয় ধাপে ক্যানসার ধরা পড়ে তার। অভিনেত্রী তার শারীরিক অবস্থার কথা নিজেই জানিয়েছিলেন সামাজিক মাধ্যমে। মাস কয়েক আগে অস্ত্রোপচারও হয়েছে। বেশ সুস্থ হয়ে উঠছিলেন। এর মাঝেই হঠাৎ হাসপাতালে ভর্তি হয়ে আবারও সার্জারি করতে হয়েছে অভিনেত্রীর। খবর এনডিটিভি
দীর্ঘদিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতার মধ্য দিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে তার চিকিৎসা চলছে এবং আরো দীর্ঘ সময় ধরে থেরাপি নিতে হবে বলে তিনি জানিয়েছেন।
সম্প্রতি একটি পডকাস্টে নিজের অসুস্থতার বিষয়ে কথা বলেন দীপিকা কক্কর। জানালেন, সিটি স্ক্যানের মতো পরীক্ষার মাধ্যমে তার যকৃতের ক্যানসার ধরা পড়ে। এটি যকৃতের একটি অংশে বাসা বাঁধায় অস্ত্রোপচার করে তার লিভারের প্রায় এক-পঞ্চমাংশ (২২ শতাংশ) বাদ দিতে হয়েছে।
তিনি আরও বলেন তার সর্বশেষ স্বাস্থ্য স্ক্যান নির্ধারণ করবে যে তিনি ক্যানসারমুক্ত আছেন কিনা।
দীপিকা জানিয়েছেন, নভেম্বরে আরও একটি এফএপিআই স্ক্যান করা হবে।
এটি ডাক্তারদের বুঝতে সাহায্য করে যে অস্ত্রোপচার বা চিকিৎসা শুরু করার আগে ক্যানসার কতদূর ছড়িয়ে পড়েছে। তবে তার ক্ষেত্রে, সবচেয়ে ভালো দিক হল ক্যানসার টিউমারের মধ্যেই সীমাবদ্ধ ছিল।
শরীরের অন্য কোথাও কোনও ক্যানসার কোষ পাওয়া যায়নি। বর্তমানে অভিনেত্রী ওরাল টার্গেটেড থেরাপিতে আছেন, যা কিছুটা কেমোথেরাপির মতো কাজ করে। এই চিকিৎসা দুই বছর ধরে চলবে, এই সময়কালে সতর্ক থাকতে হবে যেন কোনও পুনরাবৃত্তি না হয়। এই কারণেই সবকিছু নিয়ন্ত্রণে রাখার জন্য পর্যায়ক্রমিক স্ক্যান করা প্রয়োজন।