শান্তিপূর্ণ পরিবেশে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে নরসিংদীর মনোহরদী ও বেলাব উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন টানা ভোট গ্রহণ চলবে। নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, একটি পৌরসভা এবং ১২টি ইউনিয়ন নিয়ে গঠিত মনোহরদী উপজেলায় একশটি এবং ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত বেলাব উপজেলায় ৬৩টিসহ মোট ১৬৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে দুই উপজেলার ভোট গ্রহন। দুই উপজেলায় মোট ৪ লক্ষ ৯ হাজার ১৩ জন ভোটারের জন্য ৯৯৯টি ভোট কক্ষে ভোট গ্রহণ চলছে । মনোহরদীতে চেয়ারম্যান পদে ৫, ভাইস চেয়ারম্যান পদে ৭ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী পতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া বেলাব উপজেলায় চেয়ারম্যান পদে ৭, ভাইস চেয়ারম্যান পদে ৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন লড়াই করছেন।
নির্বাচনে দায়িত্ব পালন করছেন নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। আর টহলে রয়েছে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার সদস্যরা। কেন্দ্রে কাজ করছে পুলিশের মোবাইল টিম ও উচ্চক্ষমতাসম্পন্ন স্ট্রাইকিং ফোর্স।