চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে যৌন নিপীড়ন ও বিবস্ত্র ভিডিও ধারণের ঘটনায় দুজনকে শনাক্ত করেছে পুলিশ। তবে শনাক্তদের পরিচয় প্রকাশ করা হয়নি।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত ওসি রুহুল আমিন বলেন, আমরা সিসিটিভি ফুটেজ দেখেছি অনেকগুলো। এখন পর্যন্ত দুজনকে শনাক্ত করা গেছে। তবে তদন্তের স্বার্থে পরিচয় প্রকাশ করতে চাচ্ছি না।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে কিছু সন্ধান পাওয়া গেছে। গ্রেফতারে চেষ্টা চলছে। গত বুধবার বিকেলে এ ঘটনায় মামলা করে যৌন নিপীড়নের শিকার ঐ ছাত্রী। নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১০ ধারায় এই মামলায় অজ্ঞাত পাঁচজনকে আসামি করা হয়।
গত, ১৭ জুলাই রাত ১০ টায় এক ছাত্রীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ ও শ্লীলতাহানির ঘটনায় একের পর এক আন্দোলন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বুধবার রাতে উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা।
এরপর বৃহস্পতিবার বেলা ১১ টায় ক্লাস বর্জন করে আন্দোলন করেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। দুপুর ১২ টা থেকে শহীদ মিনারের সামনে আন্দোলন করেন প্রগতিশীল ছাত্র জোট ও সাধারণ শিক্ষার্থীরা। শহীদ মিনার ও প্রক্টর অফিসের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ করেন শত শত শিক্ষার্থী।