জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডি-৩২ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন। ১০ জানুয়ারি (সোমবার) সকাল ৭টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন ও মোনাজাতে অংশগ্রহণ নেন। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা। এ সময় উপস্থিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
স্বদেশ প্রত্যাবর্তন দিবসটি উপলক্ষে সোমবার ভোরে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটির কর্মসূচি শুরু হয় ধানমন্ডিতে বঙ্গুবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেধন করার পর।
স্বাধীনতা বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। সেই দিন থেকে দিনটি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।