ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি ও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ডাকা এই পরিবহন ধর্মঘটে ১৬ জানুয়ারি (রোববার) সকাল থেকেই ময়মনসিংহ বিভাগের ৪টি জেলা থেকে দূরপাল্লার সকল বাস এবং পণ্যবাহী ট্রাক চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে।
গাজীপুর থেকে টঙ্গী রাস্তার খানাখন্দ ও ভাঙাচোরা মেরামতের দাবিতে সকাল থেকে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। যাত্রীদের অতিরিক্ত ভাড়ায় ব্যক্তিগত গাড়ি ভাড়া করে জরুরি প্রয়োজনে ঢাকায় যেতে হচ্ছে।
পরিবহন সংশ্লিষ্টদের হিসাব অনুযায়ী ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঘণ্টায় যাতায়াত করছে ৪২০টি গাড়ি। ২৪ ঘণ্টায় চলাচল করছে দশ হাজার ৮০টি গাড়ি। রাস্তা খারাপের কারণে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত জ্বালানি খরচ হয় ২০ লিটার বেশি। হিসাব অনুযায়ী ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮০ গাড়িতে ২ লাখ এক হাজার ৬০০ লিটার তেল লাগে। যার অর্থমূল্য এক কোটি ৬১ লাখ ২৮ হাজার টাকা। প্রতিদিন মালিকদের তেল বাবদ নষ্ট হচ্ছে ঐ টাকা। দ্রুত রাস্তা মেরামত করে এই সমস্যা সমাধানের দাবি পরিবহন মালিক শ্রমিকসহ যাত্রীদের।