১৮ জানুয়ারি (মঙ্গলবার) রাতে অসুস্থ হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন সাবেক আইনমন্ত্রী ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ।
ল্যাব এইড গ্রুপের জনসংযোগ কর্মকর্তা মেহের-ই-খুদা-দ্বীপ সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, লিভারে সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে উনার অবস্থা স্থিতিশীল। হাসপতালের গ্যাস্ট্রোএন্টারলজি বিশেষজ্ঞ ডা. মামুন-আল-মাহতাবের অধীনে চিকিৎসাধীন রয়েছে।
জানা গেছে, রুটিন চেকআপের জন্য গতকাল রাতে ল্যাবএইড হাসপাতালে গিয়েছিলেন শফিক আহমেদ। সে সময় কিছু সমস্যা দেখা দিলে চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
ব্যারিস্টার শফিক আহমেদ ২০০৯ থেকে ২০১৪ পর্যন্ত আওয়ামী লীগ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের টেকনোক্রেট মন্ত্রী ছিলেন। এ ছাড়া তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলা পরিচালনা করতেন তিনি।