চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের ৫২ শিক্ষার্থী করোনায় আক্রান্ত হয়েছে। তাদের একটি হলে পৃথকভাবে আইসোলেশনে রাখা হয়েছে। ১৯ জানুয়ারি (বুধবার) দুপুরে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ১৬ জানুয়ারি (রোববার) প্রথমে ৬ জন, তারপরের দিন আরও ৭ এবং এবং বুধবার দুপুর ২টা পর্যন্ত আরও ৩৯ জন করোনায় আক্রান্ত হন।
ইনস্টিটিউটের প্রধান সেলিনা আক্তার জানান, করোনায় যারা আক্রান্ত হয়েছেন তারা সবাই মেয়ে। তিনি আরও জানান, ১৮৬ জন শিক্ষার্থী থেকে তাদের আলাদা করে একটি হলের দুটি ব্লকে আইসোলেশনের রাখা হয়েছে।
চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান জানান, আক্রান্ত শিক্ষার্থীদের বিশেষ ব্যবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।