১৯ জানুয়ারি (বুধবার) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে হুথি বিদ্রোহীদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জানুয়ারি (সোমবার) সৌদি আরবের দক্ষিণ অঞ্চলে ড্রোন হামলা চালায় হুথি বাহিনী। এ ঘটনার তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে বাংলাদেশ। হুথি বাহিনীর এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে বাংলাদেশ তার দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করছে।
এছাড়া এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার প্রশ্নে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত সোমবার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলা চালায়। ঐ হামলায় পাকিস্তানি ও ভারতীয় নাগরিকসহ তিনজন নিহত হন। একই সময়ে হুতি বিদ্রোহীরা সৌদি আরবেও অন্তত আটটি ড্রোন পাঠিয়েছিল বলে দাবি করেছে সৌদি সমর্থিত জোট।