ঠাকুরগাঁওয়ে করোনা সংক্রামণ রোধে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদেরও টিকা দেওয়া হচ্ছে। তবে জনবল সংকটের কারণে মাত্র একটি কেন্দ্র থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষকে দেওয়া হচ্ছে এই টিকা।
২০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৯টা থেকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল চত্বর কেন্দ্রে শিক্ষার্থীরা স্বচ্ছন্দে টিকা নিতে আসলেও কেন্দ্রটিতে বুথের সল্পতার কারণে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি লক্ষণ। অনেকটা গাদাগাদি করে টিকা গ্রহণ করছে মানুষ। এতে করোনা সংক্রামণ বৃদ্ধির শঙ্কা করা হচ্ছে।
এ অবস্থায় অভিভাবকরা কেন্দ্র ও বুথের সংখ্যা বাড়ানোর দাবি করলেও জনবল সংকটের কথা বলছেন স্বাস্থ্য বিভাগ সংশ্লিষ্টরা।
কেন্দ্রটি থেকে সাধারণ মানুষের বাইরে প্রতিদিন সাড়ে চার হাজার শিক্ষার্থীকে ফাইজারের টিকা প্রদান করা হচ্ছে। গত ১৩ জানুয়ারি থেকে এখন পর্যন্ত এ কেন্দ্র থেকে প্রায় ৩১ হাজার শিক্ষার্থীকে টিকা প্রদান করা হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল জানান, গেল দু’দিন জেলায় করোনা সংক্রামণ ত্রিশ শতাংশের বেশি। এ পরিস্থিতিতে একটি কেন্দ্রে শিক্ষার্থীদের করোনা টিকা প্রদান করা হচ্ছে। এছাড়া কিছুই করার নেই। জনবল সংকট দূর করা গেলে কেন্দ্র বাড়ানো সম্ভব বলে জানান তিনি।