দুই বাসের অসুস্থ প্রতিযোগিতায় কিশোর রাকিব নিহতের ৬ দিন পর ‘আজমেরী গ্লোরী’ বাসের দুই চালককে গ্রেফতার করেছে র্যাব।
২৬ জানুয়ারি (বুধবার) দুপুরে এক ব্রিফিংয়ে র্যাব জানায়, পরবর্তী স্টপেজে আগে পৌঁছে বেশি যাত্রী নেওয়ার জন্য চালকদের প্রতিযোগিতায়ই চাপা পড়ে নিহত হয় রাকিব। ঘাতক বাসচালকদের একজন আসলে হেলপার তার কোনো ড্রাইভিং লাইসেন্স ছিল না।
আজমেরী গ্লোরী নামে একই কোম্পানির দুই বাসের চালককে কার আগে পরের স্টপেজে পৌঁছাবে চলছিল প্রতিযোগিতা। আর সেই প্রতিযোগিতার মাঝেই চাপা পড়ে প্রাণ হারায় ১৪ বছরের কিশোর রাকিব। অসুস্থ বাবা আর গৃহকর্মী মায়ের সংসার চলত পথে পথে মাস্ক বিক্রি করে রাকিবের উপার্জনে।
বেপরোয়া প্রতিযোগিতা চালানো দুই বাসচালককে মঙ্গলবার রাতে রাজধানীর পল্টন ও মুন্সিগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব।
এক ব্রিফিংয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন জানান, গ্রেফতারকৃত মনির তিন মাস আগে কাতার থেকে ফিরে বাসের হেলপার হিসেবে কাজ করছিল। লাইসেন্স না থাকলেও চালক তার হাতে গাড়িটি তুলে দেন। অন্য বাসের চালক ইমরানও দীর্ঘদিন লাইসেন্স ছাড়েই বাস চালিয়েছে।
চুক্তিভিত্তিক গাড়ি চালানোর নিয়ম না থাকলেও অতিরিক্ত মুনাফা আদায়ের কারণেই এমন সড়ক দুর্ঘটনা ঘটছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা।