সুবিধাবঞ্চিত শিশু, শ্রমে নিয়োজিত শিশুসহ সামগ্রিকভাবে শিশুদের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। গবেষণা ফল ‘খুলনা বিভাগের শিশু অধিকার পরিস্থিতি-২০২৫’ তুলে ধরার লক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তারা।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) খুলনা প্রেস ক্লাবের হুমায়ূন কবির বালু মিলনায়তনে মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) আর্থিক ও স্ট্রিট চিলড্রেন অ্যাক্টিভিস্টস নেটওয়ার্ক (স্ক্যান) বাংলাদেশের কারিগরি সহায়তায় ওই অনুষ্ঠানের আয়োজন করে ‘সচেতন সংস্থা’।
সচেতন সংস্থার সাধারণ সম্পাদক সাকিলা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মো. ফিরোজ শাহ, খুলনার ডিআইজি মো. রেজাউল হক, সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক খান মোতাহের হোসেন, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মো. সাদ্দাম হোসেন, খুলনা প্রেস ক্লাবের আহ্বায়ক এনামূল হক, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফ-উজ-জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের ইয়ুথ অ্যান্ড সোশ্যাল কোহিশন বিভাগের প্রধান ওয়াসিউর রহমান তন্ময় ও ডেপুটি প্রগ্রাম ম্যানেজার পাবলো নেরুদা, সুশীলনের নির্বাহী প্রধান মোস্তফা নূরুজ্জামান, খুলনা নাগরিক সমাজের সদস্যসচিব অ্যাডভোকেট মো. বাবুল হওলাদার, কোস্টাল ভয়েসের সভাপতি মোস্তফা জামাল পপলু, ও সাধারণ সম্পাদক কৌশিক দে, আইআরভির নির্বাহী পরিচালক মেরিনা যুথী, এসওএস শিশু পল্লীর সহকারী পরিচালক জুবায়ের রহমান, খুলনা ওয়াসার কর্মকর্তা রফিকুল ইসলাম সরদার, এওসেড কর্মকর্তা বাহালুল আলম, সাংবাদিক এইচ এম আলাউদ্দিন ও দীপংকর রায়, সুশীলনের সহকারী পরিচালক শাহিনা পারভীন, যুব অধিকার কর্মী মো. আলভী শেখ, শিশু প্রতিনিধি তন্দ্রা দাস, ছাত্রনেতা নাহিদ ইসলাম প্রমুখ।