ইউক্রেনের অলিভিয়া বন্দরে রকেট হামলায় নিহত বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধির থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমানের লাশবাহী তুরস্ক এয়ারলাইন্সের ফ্লাইটটি সোমবার দুপুর ১২টা ৭ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক
বিমানবন্দরে পৌঁছায়।
হাদিসুরের নিথর দেহ ভর্তি কফিন গ্রামের বাড়ি বেতাগীতে নিতে বিমানবন্দরে যান স্বজনরা। লাশ গ্রহণের সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে সোমবার রাত ১০ টা ২ মিনিটে হাদিসুরের লাশবাহী ফ্রিজিং এ্যাম্বুলেন্স গ্রামের বাড়ি বেতাগীর হোসনাবাদ গ্রামে পৌঁছায়।

নিথর দেহ ভর্তি কফিন হাদিসুরের মরদেহ দেখতে ভিড় জমায় স্বজনসহ এলাকাবাসী। তবে কফিনের দিকে তাকিয়ে একসাথে চিৎকার দিয়ে ওঠে নিহত হাদিসুরের মা-বাবা, ভাইবোন সহ স্বজনরা।
লাশ দেখে পাগলপ্রায় মা-বাবা সহ স্বজনরা।নিহত হাদিসুরের ছোটভাই গোলাম মাওলা প্রিন্স জানান হাদিসুরের মরদেহ গ্রামে পৌছানোর আগেই দাফনের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় নিজ বাড়ির পেছনের মাঠে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।জানা যায়, বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ 'বাংলার সমৃদ্ধি' ডেনিশ কোম্পানি ডেল্টা করপোরেশনের অধীনে ভাড়ায় চলছিল।