রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ ও টিচার্স ট্রেনিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই এলাকায় যান চলাচল বন্ধ রেখেছে পুলিশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলমান রয়েছে। পুলিশ সদস্যরা নুরজাহান টাওয়ারের সামনে অবস্থান নিয়েছে।
রাতে বিভিন্ন পেশাজীবীরা বাসায় ফেরার পথে চরম বিপাকে পড়েছেন। যান চলাচল বন্ধ থাকায় বাধ্য হয়ে অনেকে পায়ে হেঁটে যাচ্ছেন। তবে তারাও ভীত ও সন্ত্রস্ত।
বুধবার (৩০ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনার সূত্রপাত। পাশাপাশি থাকা দুই শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুলসংখ্যক শিক্ষার্থী সড়কে অবস্থান করছেন। প্রচুর ইট পাটকেল ছোড়াছুড়ি করছে উত্তেজিত শিক্ষার্থীরা। এদিকে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণের শব্দও পাওয়া গেছে।
সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে হঠাৎ কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এ সময় ভয়ে লোকজন দিগ্বিদিক ছোটাছুটি শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কের দুপাশ ফাঁকা হয়ে যায়। সরকারি টিচার্স ট্রেনিং কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের দখলে চলে যায় রাস্তা। ছাত্রদের দুই পক্ষই রাস্তার মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।
নিউমার্কেট থানার ডিউটি অফিসার মো. মেহেদি হাসান বলেন, দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ।