দেশের ১৫ ইউনিয়ন পরিষদ, চার পৌরসভা ও দুই উপজেলায় ভোট শুরু হয়েছে। আজ ২৭ জুলাই (বুধবার) সকাল ৮ টা থেকে শুরু হয় ভোটগ্রহণ, একটানা চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
ইসি সূত্র জানায়, চারটি পৌরসভায় সাধারণ নির্বাচন হবে। সবখানে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার করে ভোট নেয়া হবে। পৌরসভাগুলো হলো- জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ।
এছাড়া ফরিদপুরের মধুখালী, চট্টগ্রামের সীতাকুণ্ড ও মেহেরপুরের গাংনী পৌরসভার একটি করে ওয়ার্ডে উপ-নির্বাচন হবে। এসব উপ-নির্বাচনেও ইভিএম ব্যবহার করা হচ্ছে। এদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট হবে। এ দুটি স্থানেও ইভিএম ব্যবহার হচ্ছে।
এছাড়া ১৫ টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন হবে। ইউনিয়নগুলো হচ্ছেঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার হোসেনগাঁও, বাঁচোর ও নন্দুয়ার; পাবনার সাথিয়া উপজেলার করমজা; টাঙ্গাইলের সদর উপজেলার ছিলিমপুর, কাতুলী, মাহমুদনগর ও কাকুয়া; ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন, মেঘচামী ও আড়পাড়া; ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর কাইতলা (উত্তর); চাঁদপুরের মতলব দক্ষিণের খাদেরগাঁ এবং লক্ষ্মীপুরের রামগতি বড়খেরী ও চরআবদুল্যাহ।
ইসি সূত্রে জানা গেছে, ইতোমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনী এলাকায় অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এসব নির্বাচনে আট শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।