ঈদুল আযহা উপলক্ষ্যে পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। বাস বা ট্রেনে যে যেভাবে পারছেন, বাড়ির পথ ধরেছেন। নাড়ি পোঁতা যেখানে, সেখানে ঈদ কাটাতে মন আকুল থাকারই কথা।
আজ বৃহস্পতিবার (১৩ জুন) সকালে রাজধানীর সবকটি বাস স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড়। অনেক যাত্রী টিকিট কিনতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাটছেন টিকিট। অনেকেই অগ্রিম টিকিট নিয়ে গাড়িতে ওঠার জন্য অপেক্ষা করছেন। তবে ঈদুল আজহাকে সামনে রেখে টিকিটের দাম বাড়ানো হয়েছে বলে অভিযোগ করছেন যাত্রীরা। এতে ভোগান্তির মাত্রা বেড়ে যায় বলে যাত্রীদের অভিযোগ। তবে কাউন্টার কর্তৃপক্ষ জানায়, বাসের টিকিটের দাম বাড়ানো হয়নি। বাস নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে যাচ্ছে।
উল্লেখ্য, ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বুধবার (১২ জুন) থেকে শুরু হয় ‘স্পেশাল’ ট্রেন সার্ভিস। তবে প্রথম দিনেই শিডিউল বিপর্যয়ে পড়ে রাজধানীর কমলাপুর থেকে ছেড়ে যাওয়া সকল ট্রেন। সকাল সাড়ে ছয়টা থেকে এ যাত্রা শুরুর কথা থাকলেও গন্তব্যের উদ্দেশে প্রথম ট্রেন ছাড়ে সাড়ে আটটায়।