রবিবার বেলা ১১টায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের শিক্ষার্থীদের আয়োজনে এক মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এলমা চৌধুরী মেঘলার মৃত্যুকে সুপরিকল্পিত হত্যা দাবি করে এর সুষ্ঠু বিচার চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন এলমার পরিবারের সদস্যরা। এই দাবি জানান এলমার মা শিল্পী চৌধুরী ও বাবা সাইফুল ইসলাম চৌধুরী।
এলমার মা শিল্পী চৌধুরী বলেন, ‘এলমার স্বপ্ন ছিল সে পড়াশোনা করবে, বিসিএস পরীক্ষা দিয়ে অনেক বড় হবে। কিন্তু আমার মেয়েকে নানা রকম মিষ্টি কথা বলে বিয়ে করে। এই খুনের পেছনে তার স্বামীসহ পরিবারের সবাই জড়িত। কিন্তু কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? আমি প্রশাসনকে অনুরোধ করছি তার পরিবারের সবাইকে গ্রেপ্তার করেন, তাহলে সব তথ্য পাবেন।’
এলমার মা আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমার একটা আবেদন আছে। আপনি তো একজন মা, আপনি আমার মেয়ে হত্যার সঠিক তদন্ত করেন। তার পরিবারকে ধরলে সব বেরিয়ে আসবে, আপনি আমাদের সাহায্য করেন মা!’
এলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমার মেয়ের হত্যার বিচার চাই। দ্রুত বিচার ট্রাইব্যুনালে যেন এই বিচার করা হয়। সবারই মেয়ে আছে। এলমা হত্যার বিচার না হলে এ দেশের কোনো মেয়ে আর নিরাপদ থাকবে না।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে এলমার বাবা সাইফুল ইসলাম চৌধুরী আরও বলেন, ‘আপনি সবার যেকোনো অভিযোগ-অনুযোগ শোনেন। দয়া করে আমার আবেদনটিও শুনবেন।’ এসময় তিনি কান্নায় ভেঙে পড়েন।
উল্লেখ্য যে , এলমার পরিবার ও সহপাঠীরা এটিকে হত্যা দাবি করলেও এলমার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনদের দাবি তিনি আত্মহত্যা করেছেন।
গত ১৪ ডিসেম্বর বিকাল চারটায় রাজধানীর বনানীতে স্বামীর বাসায় মারা যান এলমা। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের অনেক চিহ্ন দেখা গেছে বলে জানিয়েছেন এলমার পরিবার এবং সহপাঠীরা।