বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভিত্তিহীন বলে জানিয়েছে দ্য প্রিন্ট। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, কিছু সংবাদমাধ্যমে এই নিষেধাজ্ঞার খবর প্রকাশিত হলেও, ভারতের সরকারি সূত্র বিষয়টি সম্পূর্ণ ভুয়া বলে নিশ্চিত করেছে।
নিষেধাজ্ঞার তালিকায় উল্লেখিত ছাত্রনেতাদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আখতার হোসেন, সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, এবং নুসরাত তাবাসসুম।
এই সংক্রান্ত সংবাদটি প্রথম প্রকাশ করে জার্মান ভিত্তিক সংবাদমাধ্যম দ্য মিরর এশিয়া, যেখানে দাবি করা হয় যে, ভারতবিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এই ছয়জনকে কালো তালিকাভুক্ত করেছে। প্রতিবেদনে আরও বলা হয় যে, দিল্লিতে কর্মরত কিছু ভারতীয় সাংবাদিকের মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে ইতোমধ্যে মৌখিক নির্দেশনা পাঠানো হয়েছে।
তবে ভারতের সরকারি সূত্রের বরাতে দ্য প্রিন্ট জানিয়েছে, এই খবরের কোনো ভিত্তি নেই।