eshomoy.com || 2021-10-26 18:10:45
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর ও গণফোরামের সাবেক নেতা ড. রেজা কিবরিয়ার নেতৃত্বে ‘বাংলাদেশ গণঅধিকার পরিষদ’ নামে নতুন রাজনৈতিক দল ঘোষণা করা হয়েছে।
রেজা কিবরিয়া দলের আহ্বায়ক আর সদস্য সচিব হলেন নুরুল হক নুর । রাজধানীর পল্টনের প্রিতম জামান টাওয়ারে দলটির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন আজ দুপুরে ।
নতুন দলের সদস্য সচিব নুরুল হক নুর নতুন রাজনৈতিক দলটির নাম ঘোষণা করেন । দলটির ১০১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন তিনি। বিভিন্ন পদে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান-সাবেক নেতাদের অনেকেই রয়েছেন।‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার’ স্লোগানকে সামনে রেখে যাত্রা শুরু করা বাংলাদেশ গণ অধিকার পরিষদ-এর মূলনীতি ঠিক করা হয়েছে চারটি। এর মধ্যে আছে: গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ। সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।