আগামী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব বিভাগেই দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেটের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার বৃষ্টি ঝরতে পারে।
এছাড়া রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায়ও বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার আভাস রয়েছে। সেই সঙ্গে দেশের কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।
তবে এ সময়ে দেশের সার্বিক তাপমাত্রায় কোনো পরিবর্তন নাও আসতে পারে। দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া অফিস।
সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ ভারতের উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল ও আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত চলে গেছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় বিরাজ করছে।