দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তবে এটি ভারতীয় উপকূলে আঘাত হানবে। ফলে বাংলাদেশের মানুষের শঙ্কার কারণ নেই।
রোববার (২৬ অক্টোবর) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ সময় সংবাদকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মন্থা’। এটি সিভিয়ার সাইক্লোনে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়টি আগামী মঙ্গলবার ভারতের ওডিশা ও তামিলনাড়ু উপকূলে আঘাত হানতে পারে।
মন্থা সরাসরি বাংলাদেশে আঘাত না হানলেও এর প্রভাবে আগামী ৩০ অক্টোবর থেকে টানা ৩ দিন সারা দেশে বৃষ্টিপাত থাকবে বলেও জানান এই আবহাওয়াবিদ।
তিনি বলেন, ঘূর্ণিঝড়ের কারণে দেশের নদীবন্দর এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে আবহাওয়া অধিদফতরের বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাগরে সৃষ্টি নিম্নচাপটি আজ ভোরে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে।
এমন পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত-দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।