প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর মামলার চূড়ান্ত শুনানি আজ সোমবার (২০ অক্টোবর) অনুষ্ঠিত হওয়ার কথা। তাই সকালেই রাজধানীর মহানগর দায়রা জজ আদালতে উপস্থিত রয়েছেন অভিনেতার মামা আলমগীর কুমকুমসহ স্বজনরা। কিন্তু দীর্ঘসময় পেরিয়ে গেলেও এখনও অনুষ্ঠিত হয়নি মামলার চূড়ান্ত শুনানি।
দীর্ঘ ২৯ বছর আদালতে মামলা চলছে সালমান শাহ হত্যার। কিন্তু ক্ষণমতার অপব্যবহারের কারণে প্রতিবারই ন্যায়বিচার পাননি বলে দাবি সালমান শাহর পরিবারের। এ প্রসঙ্গে সালমান শাহর মামা আলমগীর কুমকুম বলেন,
অপেক্ষার ৪ ঘণ্টা পেরিয়ে গেছে এখনও হয়নি। সকাল ১০টা থেকে অপেক্ষা করছি। এরপর সময় সাড়ে ১১টা, দেড়টা, দুইটা গড়ালো এখনো শুনানি হচ্ছে না। প্রতিটি মিনিট মনে হচ্ছে, এক একটা পাহাড় সমান দিন। তবে আশা ছাড়িনি।
তিনি আরও বলেন,
আমরা চাই, অবশেষে যেন সত্য প্রকাশ পায়। সালমান শাহ আত্মহত্যা করেননি— এটা আমরা জানি, প্রমাণও দিয়েছি। এখন আদালতের রায়ের অপেক্ষায় আছি।
সালমান শাহের মৃত্যু ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। দীর্ঘ তদন্ত, পুনঃতদন্ত ও নানা জটিলতার পর মামলাটি এখন চূড়ান্ত শুনানির পর্যায়ে পৌঁছেছে। নায়কের অপমৃত্যু মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে কি না তা আজ আদালতের রায়ে জানা যাবে।
তাই সালমান শাহর স্বজনদের পাশাপাশি সকাল থেকে মহানগর দায়রা জজ আদালতে অপেক্ষার প্রগর গুনছেন সালমান ভক্তরাও।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর মাত্র ২৫ বছরে মারা যান সালমান শাহ। অভিনেতার হঠাৎ মৃত্যুকে ‘আত্মহত্যা’ বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক। কিন্তু সালমান শাহর পরিবার দাবি করেন, এটি আত্মহত্যা নয় বরং সুপরিকল্পিত হত্যাকাণ্ড।