দেশীয় শ্রমিকবান্ধব বিড়ি শিল্প ধ্বংসে বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করেছে খুলনা জেলা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদ।
২ মার্চ (বুধবার) বেলা সাড়ে ১১টায় খুলনা চেম্বার অব কমার্সের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে আগামী বাজেটে বিড়িতে শুল্ক কমানো, বিড়ির ওপর অর্পিত অগ্রিম ১০ শতাংশ আয়কর প্রত্যাহার, বিড়ি শ্রমিকদের সুরক্ষা আইন প্রণয়ন, সরেজমিনে পরিদর্শন ব্যতিরেকে বিড়ি কারখানার লাইসেন্স না দেওয়া এবং নকল বিড়ি বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান শ্রমিকরা।
মানববন্ধনে বক্তারা বলেন, প্রাচীন শ্রমঘন বিড়ি শিল্পে খুলনাসহ দেশের অসহায়, হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, নদী ভাঙন কবলিত জনগণ, শারীরিক বিকলঙ্গসহ লাখ লাখ সুবিধাবঞ্চিত শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করে। অথচ বিদেশি বহুজাতিক কোম্পানির ষড়যন্ত্রে দেশের প্রাচীন শ্রমঘন এ শিল্পটি ধ্বংস করা হচ্ছে। বিড়ির ওপর মাত্রাতিরিক্ত করের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে।
এ কারণে একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। ফলে শ্রমিকরা বেকার হয়ে মানবেতর জীবন যাপন করছে। এছাড়া বিড়ির শুল্ক বৃদ্ধি পাওয়ায় অসাধু ব্যবসায়ীরা জালব্যান্ডরোল ও ব্যান্ডরোলবিহীন নকল বিড়ি তৈরি করে বাজারজাত করছে। ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক হারিক হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন খুলনা বিড়ি শ্রমিক সংগ্রাম পরিষদের সভাপতি আব্দুস সালাম মুন্সি। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের সহসভাপতি নাজিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, কার্যকরী সদস্য আনোয়ার হোসেন প্রমুখ।
মানববন্ধন শেষে খুলনা চেম্বার অব কমার্সের মাধ্যমে জাতীয় রাজস্ব বোর্ড এর চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা।