সুনামগঞ্জের ছাতক পৌরসভা এলাকার এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সেচ্চা মিয়া (৫৫) নামের এক ট্রাকচালককে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি সিলেটের এয়ারপোর্ট থানার চাতল এলাকার মৃত তোতা মিয়ার ছেলে। ২ মার্চ (বুধবার) দুপুরে তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা ঐ কিশোরীর বাবা-মায়ের সঙ্গে পরিচয়ের সুবাদে ট্রাকচালক সেচ্চা মিয়া তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। গত মঙ্গলবার রাতে ট্রাকচালক সেচ্চা মিয়া ঐ কিশোরীকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করেন।
এ সময় ঐ ভিকটিমের চিৎকারে আশপাশের এলাকার লোকজন জড়ো হয়। এ ঘটনায় রাতেই ঐ কিশোরী থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলে, পুলিশ গতকাল বুধবার ভোরে সেচ্চা মিয়াকে আটক করেন।
তার বিরুদ্ধে এসএমপির একটি থানায় হত্যা মামলাসহ দুটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক জবা রানী দাস জানান, ঘটনার তদন্ত চলছে। ঐ কিশোরীকে বুধবার বিকেলে ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে।