চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে এবার ভারতে চালু হলো সুচ ছাড়াই রক্ত পরীক্ষার প্রযুক্তি—‘ফোটোপ্লেথিসমোগ্রাফি’ (PPG)। এই পদ্ধতিতে শরীর থেকে এক ফোঁটাও রক্ত না নিয়ে শুধু মুখ স্ক্যান করেই জানা যাবে হৃদ্রোগ, রক্তচাপ, অক্সিজেনের মাত্রাসহ বিভিন্ন শারীরিক তথ্য।
হায়দরাবাদের একটি হাসপাতালে পরীক্ষামূলকভাবে প্রযুক্তিটি চালু হয়েছে। এতে ব্যবহারকারী একটি যন্ত্র বা মোবাইলের সামনে বসলে ২০–৬০ সেকেন্ডে মুখ স্ক্যান করে ফলাফল জানিয়ে দেবে অ্যাপের মাধ্যমে।
‘কুইক ভাইটাল’ নামের একটি সংস্থা এবং ভারতের কেন্দ্রীয় প্রকল্প ‘অম্রুত স্বাস্থ্য ভারত’ উদ্যোগটি চালু করেছে। স্ক্যানিংয়ের সময় শরীরের নির্দিষ্ট অংশে আলোর প্রতিফলন ও সেন্সরের সাহায্যে গ্রাফ আকারে ডেটা তৈরি হয়।
এই প্রযুক্তির মাধ্যমে জানা যাবে—
•হৃদ্রোগের ঝুঁকি
•রক্তচাপ ও হৃদ্স্পন্দন
•অক্সিজেন স্যাচুরেশন
•শ্বাস-প্রশ্বাসের হার
•হিমোগ্লোবিনের মাত্রা
•মানসিক চাপ ও স্নায়ুতন্ত্রের অবস্থা
বিশেষজ্ঞদের মতে, অন্তঃসত্ত্বা নারী ও শিশুদের ক্ষেত্রে এটি নিরাপদ, সংক্রমণের ঝুঁকিও নেই। ফলে নিয়মিত স্বাস্থ্য পর্যবেক্ষণে এটি বড় ভূমিকা রাখতে পারে।
জেএইচ/ইডি