‘অটোপাস’-এর মতো কোনো অযৌক্তিক দাবি মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ.এস.এম. আমানুল্লাহ। তিনি বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে আর ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। কলেজগুলোতে ‘ইনকোর্স’-এর নামে চলমান প্রহসনও বন্ধ করা জরুরি।
শনিবার রাজধানীর লালমাটিয়া সরকারি মহিলা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) আয়োজিত ক্যারিয়ার ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের ‘ইনকোর্স’ পদ্ধতি নিয়ে আমি অত্যন্ত উদ্বিগ্ন। এই ব্যবস্থার কারণে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফেরাতে এবং উপস্থিতি নিশ্চিত করতে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। ইনকোর্স নিয়ে নতুন করে ভাবা হচ্ছে।”
তিনি আরও বলেন, দীর্ঘদিনের সিদ্ধান্তহীনতা ও অব্যবস্থাপনার ফলে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক গ্র্যাজুয়েটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। এখন থেকে শিক্ষার্থীদের কর্মজীবনে প্রবেশে সহায়তা করতে প্রশিক্ষণমূলক নানা উদ্যোগ চালু রাখা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর জাহানারা জামান। বক্তব্য রাখেন বিওয়াইএলসির নির্বাহী পরিচালক তাহসিনা আহমেদ এবং কলেজের উপাধ্যক্ষ প্রফেসর নাজমুল হক।
জেএইচ/ইডি