ক্ষুধার্ত রোগীদের অবস্থা দেখে গাজায় অজ্ঞান চিকিৎসক!
গাজায় যুদ্ধের কারণে খাদ্য ও ওষুধের চরম সংকটের মধ্যে চিকিৎসা সেবা কার্যত ভেঙে পড়েছে। সম্প্রতি গাজা সিটির এক হাসপাতালের দৃশ্য সারা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে—ক্ষুধার্ত, দুর্বল ও কাতর রোগীদের করুণ অবস্থা দেখে নিজেই অজ্ঞান হয়ে পড়েছেন এক চিকিৎসক।
হাসপাতালটির এক সহকর্মী জানান, ওই চিকিৎসক দীর্ঘ সময় ধরে না খেয়ে কাজ করছিলেন এবং এক শিশু রোগীর মৃত্যুর মুহূর্তে তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। চিকিৎসকদের মতে, বর্তমানে হাসপাতালগুলোতে যে পরিমাণ রোগী আসছে, সেই তুলনায় খাবার, ওষুধ ও চিকিৎসক—কোনোটিই যথেষ্ট নয়।
জাতিসংঘের তথ্যে বলা হয়েছে, গাজায় বর্তমানে অন্তত ৭১ হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে। চিকিৎসকদের অনেকেই টানা ২৪ ঘণ্টার বেশি কাজ করছেন এবং নিজে খেতে না পেরে রোগীদের বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, চলমান অবরোধের কারণে বহু হাসপাতাল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। মানবিক সহায়তা না এলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে।