ফেনীর পরশুরাম পৌরসভা এলাকার ইসমাইল হোসেন পিন্টু (৩৮) নিজেকে সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ইসমাইল হোসেন পিন্টু স্থানীয় এক নারীকে বিয়ের প্রলোভনে প্রতারণার চেষ্টা চালাচ্ছিলেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে।
গতকাল ২৬ সেপ্টেম্বর লেমুয়া ইউনিয়নের তেরোবাড়িয়া এলাকা থেকে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পিন্টুকে আটক করা হয়। আটকের সময় তার পরনে সেনাবাহিনীর পোশাক ছিল।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, তিনি সেনাবাহিনীর কর্মকর্তা নন এবং প্রতারণার উদ্দেশ্যে সেনা কর্মকর্তার পরিচয় দিয়ে আসছিলেন।
তার হেফাজতে সেনা বাহিনীর একাধিক পোশাক-সরঞ্জাম রয়েছে বলে স্বীকার করলে পুলিশ তার ছাগলনাইয়া উপজেলার মধুপুরস্থ ভাড়া বাসায় অভিযান চালিয়ে সেনাদের ইউনিফর্ম, সরঞ্জাম ও ভুয়া সিল-স্ট্যাম্প উদ্ধার করে।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে: ৩ সেট সেনা ইউনিফর্ম, দুটি জ্যাকেট, BD Army লেখা গেঞ্জি ও ট্রাউজার, হেলমেট, বুট, ব্যারেট ক্যাপ, ফিল্ড ক্যাপ, গোল ব্যাজ, ভুয়া মেজর পদবির সিল, চট্টগ্রাম ক্যান্টনমেন্টের নাম ব্যবহার করা সিল, সেনাবাহিনীর প্রশিক্ষণ কার্ড লেখা ডায়েরি, মেডেল, খাম, ভাঙা TECNO Spark 6Go মোবাইলসহ আরও বেশ কিছু সামগ্রী।
এক
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, আসামি দীর্ঘদিন ধরে সেনা পোশাক পরে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতেন এবং এভাবেই বিভিন্ন নারীকে প্রতারণার মাধ্যমে টার্গেট করে অর্থ হাতিয়ে নিত।
ঘটনার পর ফেনী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তভার এসআই সুবল চন্দ্র নাথের উপর অর্পণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।