বাংলাদেশ–মায়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু এলাকায় মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র এক সদস্য গুরুতর আহত হয়েছেন।
রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে তুমব্রু-বাইশফাঁড়ি সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।
আহত বিজিবির নায়েক আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ মিয়ানমার সীমান্তবর্তী রেজু আমতলী বিওপিতে কর্মরত। বিস্ফোরণে তিনি ডান পায়ের গোড়ালি হারিয়েছেন এবং বাম পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বিজিবি রামু সেক্টর কমান্ডার কর্নেল মো. মহিউদ্দিন জানান, সীমান্ত এলাকায় টহল পরিচালনার সময় এ ঘটনা ঘটেছে। এতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)-এর সদস্য ল্যান্স নায়েক মো. আক্তার হোসেন মাইন বিস্ফোরণে আহত হন। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য রামু সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
সীমান্তজুড়ে মিয়ানমারে চলমান সশস্ত্র সংঘাত, আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং স্থাপন করা মাইন ফাঁদের কারণে সংশ্লিষ্ট এলাকার জনজীবন ক্রমেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। এ ঘটনায় সীমান্তে নিরাপত্তা জোরদার এবং অনুপ্রবেশ বন্ধে কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন স্থানীয়রা।