রাজবাড়ীতে মাইক্রোবাস চাপায় আব্দুল হান্নান (৫৫) নামে এক দলিল লেখক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর সাড় ১২ টার দিকে শহরের শ্রীপুরে সদর উপজেলা পরিষদের সামনে রাজবাড়ী- ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল হান্নান রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের সেনগ্রামের মৃত খায়রুল্লাহ রশিদের ছেলে। তিনি পাংশা সাব রেজিস্ট্রি অফিসে দলিল লেখক হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শী হোটেল শ্রমিক মো. সোহান জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলা পরিষদের সামনে হেটে রাজবাড়ী- ফরিদপুর মহাসড়ক পার হচ্ছিলেন আব্দুল হান্নান। এ সময় রাজবাড়ী থেকে গোয়ালন্দ মোড়মুখী দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স রহিমা ইয়াসমিন বলেন, হাসপাতালে আনার আগেই আব্দুল হান্নানের মৃত্যু হয়।
আহলাদিপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, স্থানীয় এক যুবক মোটরসাইকেল নিয়ে ধাওয়া করে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটির রেজিস্ট্রেশন নম্বরের ছবি তুলে রেখেছেন। মাইক্রোবাসটি শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।