সব সাংবাদিক হত্যার বিচার, নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন, দশম ওয়েজ বোর্ড গঠন, চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতসহ ৩৯ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জ।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাংবাদিক ইউনিয়ন নারায়ণগঞ্জের সভাপতি আবু সাউদ মাসুদের সভাপতিত্বে এবং একেএম মাহফুজুর রহমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নিউ নেশন পত্রিকার নির্বাহী সম্পাদক এ আর ফররুখ আহমেদ খসরু, ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মো. মাসুম, সিনিয়র সাংবাদিক মনির হোসেন, বাংলাদেশ প্রতিদিনের রূপগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলম হানিফ, বাংলাদেশ বুলেটিনের সাংবাদিক উজ্জল হোসেন মাসুম, দৈনিক ইয়াদ-এর স্টাফ রিপোর্টার মেহবুব মিয়া, দৈনিক পূর্বাভাসের যুগ্ম সম্পাদক সোনিয়া দেওয়ান প্রীতি ও দৈনিক দেশ পত্রিকার সাংবাদিক মোখলেসুর রহমান তোতা প্রমুখ।
বক্তারা বলেন, ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’—এ নীতি কার্যকর করতে হবে। সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন এবং দ্রুত দশম ওয়েজ বোর্ড গঠন করতে হবে। পাশাপাশি সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়ন, সাংবাদিকদের সাপ্তাহিক দুইদিন ছুটি নিশ্চিত, সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার বিচার, গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিল এবং সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ে পৃথক শ্রম আদালত স্থাপনের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন প্রতিদিনের বাংলাদেশ-এর নারায়ণগঞ্জ অফিস প্রধান এম আর কালাম, সিনিয়র সাংবাদিক নাহিদ আজাদ, বাংলাদেশ নিউজের স্টাফ করেসপন্ডেন্ট ইমতিয়াজ আহমেদ, নিউজ টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরিফ সুমন, নিউ নেশন-এর স্টাফ করেসপন্ডেন্ট মোশতাক আহমেদ (শাওন), শীতলক্ষার আবু সাঈদ কাদেরী, বাংলাদেশের খবরের নারায়ণগঞ্জ প্রতিনিধি আল আমিন, ভোরের ডাকের জেলা প্রতিনিধি সাব্বির হোসেন, মানবজমিনের ফতুল্লা প্রতিনিধি আবু সাঈদ পাটুয়ারী রাসেল, মুসলিম টাইমসের সাইফুল্লাহ খালিদ রাসেল, চ্যানেল এস-এর সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি সাদ্দাম হোসেন মুল্লা, দৈনিক সংগ্রামের ইখতিয়ার রাহয়ান ও সাংবাদিক শরিফুল ইসলাম আরজুসহ স্থানীয় সাংবাদিকরা।