নরসিংদীতে ভয়াবহ ভূমিকম্পের সময় আহত দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া ভূমিকম্পের সময় ভয়ে স্ট্রোক করে নিজ বাড়িতে একজন মারা গেছেন। এ নিয়ে জেলা মোট তিনজনের মৃত্যু হয়েছে। এদিকে ভূমিকম্পে জেলার বিভিন্ন স্থান থেকে ৭০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ
ছাড়া ভূমিকম্পে পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
পাশাপাশি একই এলাকায় একটি ডেইরি ফার্মের (গরুর) মাঠে মাটি ফেটে আলাদা হয়ে গেছে। পাশাপাশি এই শক্তিশালী ভূমিকম্পে বসতবাড়ি, মার্কেট ও বহুতল বেশ কয়েকটি ভবনে ফেটে হেলে পড়েছে।
ভূমিকম্পে নিহতরা হলেন সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের গাবতলি এলাকার দেলোয়ার হোসেন উজ্জ্বলের ছেলে হাফেজ মো. ওমর (৮)। নিহত ওমর ফারুকের বাবা দেলোয়ার হোসেনও আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তি রয়েছেন।
তারা নির্মাণাধীন ভবনের মালামালের নিচে পড়ে আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জন আহত হয়েছে।
এ ছাড়া পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা পশ্চিমপাড়া গ্রামের কাজেম আলী ভূঁইয়া (৭৫) মাটির ঘরের নিচে চাপা পড়েন। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে জেলা হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামসুজ্জামান।