চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভীষণ সীমান্ত দিয়ে আবারও নারী, পুরুষ ও শিশুসহ ১৫ জন বাংলাদেশি নাগরিককে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। দেশের সীমান্ত জুড়ে বিজিবির কঠোর নজরদারির মধ্যেই এই পুশ ইন করা হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) ভোরে এসব ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে দেয়া হয় বলে জানায় বিজিবি। পরে, ১৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বিভীষণ বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে।
বিভীষণ বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। প্রায় দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। ভোরের দিকে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশে পুশ ইন করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে নাম-ঠিকানা যাচাই-বাছাই শেষে আটক ব্যক্তিদের গোমস্তাপুর থানায় সোপর্দ করা হয়েছে।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক জানান, পুশ ইন হওয়া বাংলাদেশি নাগরিকদের বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে। আপাতত তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হবে। যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন হলে সংশ্লিষ্ট পরিবারের কাছে তাদের হস্তান্তর করা হবে।
এর
আগে, চলতি বছরের ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন এবং ৩ জুন চানশিকারি সীমান্ত দিয়ে আরও ৮ জন বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ।