বাংলাদেশের ব্যবসায়ী ও প্রকৃত পর্যটকদের যুক্তরাষ্ট্র ভ্রমণের ক্ষেত্রে চালু থাকা ‘ভিসা বন্ড’ ব্যবস্থা পর্যালোচনা করে আরও সহজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে বঙ্গভবনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও আলোচনা হয়। রাষ্ট্রপতি কৃষি, জ্বালানি, তথ্যপ্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য ও উচ্চপ্রযুক্তিনির্ভর শিল্পসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রের আরও বিনিয়োগ ও সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক বাণিজ্য চুক্তিকে আরও ভারসাম্যপূর্ণ ও উভয়ের জন্য লাভজনক করার সুযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাক্ষাতে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনে যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতার প্রত্যাশাও জানান রাষ্ট্রপতি। মার্কিন রাষ্ট্রদূত দুই দেশের সম্পর্ক আরও গভীর ও বহুমাত্রিক করার বিষয়ে তার দেশের আগ্রহের কথা জানান।