ভূমিকম্পে ঢাকায় ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত
রাজধানী ঢাকায় ভূমিকম্পসহ নগর দুর্যোগ মোকাবিলায় মোট ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত করা হয়েছে। এসব স্থানের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২৫৬টি এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৮৯টি স্থান রয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, চিহ্নিত স্থানগুলোকে আনুষ্ঠানিকভাবে ‘ভূমিকম্পের নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।
এ ছাড়া ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ঢাকা ও আশপাশের এলাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদের তথ্য নিয়ে একটি সমন্বিত ডাটাবেজ তৈরির কাজও চলছে।
সরকার ভূমিকম্পের ঝুঁকি কমাতে ভবন নির্মাণে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড মেনে চলার ওপরও গুরুত্ব দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতির পাশাপাশি নাগরিকদের সচেতনতা ও জরুরি সময়ে সঠিক নির্দেশনা অনুসরণ করাও গুরুত্বপূর্ণ।