কূটনীতিক পরিচয়ে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, সতর্ক করল মার্কিন দূতাবাস
কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খোলার বিষয়ে সতর্ক করেছে ঢাকার মার্কিন দূতাবাস।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক সতর্কবার্তায় দূতাবাস জানায়, কিছু ব্যক্তি বা গোষ্ঠী মার্কিন কূটনীতিকদের নাম ও পরিচয় ব্যবহার করে ভুয়া সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পরিচালনা করতে পারে। এসব অ্যাকাউন্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো কিংবা বিভিন্ন ধরনের যোগাযোগের চেষ্টা করা হতে পারে।
দূতাবাসের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্ট বা বার্তার সত্যতা যাচাই না করে তাতে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে ব্যক্তিগত তথ্য, অর্থ বা সংবেদনশীল কোনো তথ্য চাওয়া হলে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মার্কিন দূতাবাসের কর্মকর্তা বা কূটনীতিকদের নামে পরিচালিত কোনো সন্দেহজনক অ্যাকাউন্ট চোখে পড়লে সেটির সত্যতা যাচাই করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, তাদের অনুমোদিত যোগাযোগমাধ্যম ও অফিসিয়াল সূত্র থেকেই মার্কিন দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়ে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যাবে।