গাজীপুরে এনসিপির গায়েবানা জানাজায় সাউন্ড গ্রেনেড, আহত ২০ জনের বেশি
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় শ্রমিক আন্দোলনে নিহত পোশাকশ্রমিক তৌফিক শেখের গায়েবানা জানাজাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর পৌনে ১টার দিকে জানাজার প্রস্তুতিকালে পুলিশ ও বিজিবি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে উপস্থিত নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয় বলে অভিযোগ উঠেছে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ ঘটনায় দলটির বিভিন্ন পর্যায়ের ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের কয়েকজন বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
জানা যায়, পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় আহত হন তৌফিক শেখ। পরে ঢাকার উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তাঁর আত্মার মাগফিরাত কামনা এবং মৃত্যুর বিচার দাবিতে গায়েবানা জানাজার আয়োজন করে এনসিপি ও জাতীয় শ্রমিক শক্তি।
এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাসির খান অভিযোগ করেন, তাঁরা শান্তিপূর্ণভাবে জানাজা আদায়ের প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁদের কর্মসূচিতে বাধা দেয়।
অন্যদিকে, জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি বিবেচনায় জনসমাবেশ নিরুৎসাহিত করার কথা জানানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চান্দনা চৌরাস্তায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।