রাজধানীর বারিধারা এলাকা থেকে তিনবারের সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির গ্রেপ্তারের খবরে চাঁদপুরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন। সোমবার (১৯ আগস্ট) রাতেই বিভিন্ন গণমাধ্যমে দীপু মনি গ্রেপ্তারের খবর প্রকাশিত হওয়ার পরপরই তারা এই কর্মসূচি পালন করেন।
জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগের নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়, যা চাঁদপুর শহরের চিত্রলেখা মোড় থেকে শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে পথচারী, ব্যবসায়ী, ইজিবাইক ও রিকশাচালকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এ সময় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) একটি দল বারিধারায় দীপু মনির এক আত্মীয়ের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় এবং চাঁদপুরের একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
চাঁদপুরে বিএনপি নেতা শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে গত ১৮ জুলাই ঘটে যাওয়া হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় দীপু মনি এবং তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুকে হুকুমের আসামি করা হয়।
ওই ঘটনায় ১৫ আগস্ট চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আ. রাজ্জাক হাওলাদার বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ৫১০ জন নামীয় এবং ১,২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়।
ডা. দীপু মনি ২০০৯ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চাঁদপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০১৪ সালের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেও কোনো মন্ত্রিত্ব পাননি। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পান। পরবর্তীতে দ্বাদশ সংসদ নির্বাচনের পর সমাজকল্যাণ মন্ত্রীর দায়িত্ব পান আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।