কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ব্যক্তিগত ক্যাশিয়ার সালা উদ্দিনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। সোমবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬:৪৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এসময় সালা উদ্দিন ওমরাহ যাত্রীর ছদ্মবেশে পালানোর চেষ্টা করছিলেন।
র্যাব সদর দপ্তরের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান এই আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সালা উদ্দিনকে কক্সবাজারের উখিয়া থানায় হস্তান্তর করা হবে।
র্যাবের তথ্যমতে, ইহরাম পরিহিত অবস্থায় সালা উদ্দিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেদ্দাগামী একটি ফ্লাইটে উঠছিলেন। ফ্লাইটটি রানওয়েতে থাকাকালীন, অর্থাৎ আকাশে উড়াল দেওয়ার ঠিক আগে, র্যাব সেই ফ্লাইটে অভিযান চালিয়ে তাকে আটক করে।
উখিয়া থানার তথ্য অনুযায়ী, সালা উদ্দিন উখিয়ায় বিএনপির অফিস ভাঙচুর, দোকানপাট লুটপাট, অগ্নিসংযোগ এবং জাগির হোসেন হত্যা মামলার অন্যতম আসামি। তার বিরুদ্ধে ইতোমধ্যে ১২টি মামলা রয়েছে।