সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেপ্তার
সাব্বির হোসেন, লালমনিরহাট
eshomoy.com || 2025-01-30
সাবেক মন্ত্রী নুরুজ্জামান আহমেদ গ্রেপ্তার। রংপুর নগরের সেন্ট্রাল সড়ক এলাকায়
রংপুর নগরের জুম্মাপাড়া পোস্ট অফিসের গলিতে সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত ৯টার দিকে তাঁকে তাঁর ছোট ভাই ওয়াহেদুজ্জামানের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। রংপুর মহানগর পুলিশের কমিশনার মো. মজিদ আলী এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, নুরুজ্জামান আহমেদ বিরুদ্ধে রংপুরে একটি হত্যা মামলা রয়েছে, এবং ঢাকায় কয়েকটি মামলাও চলমান রয়েছে। তাঁর বিরুদ্ধে ৪ আগস্ট রংপুর সিটি বাজার এলাকায় মাহমুদুল হাসান হত্যার অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। গ্রেপ্তার হওয়ার পর তাকে নগরের কোতোয়ালি থানায় নেওয়া হয়। মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ) মোহাম্মদ শিবলী কায়সার সাংবাদিকদের জানান, গ্রেপ্তারের পর তাকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
নুরুজ্জামান আহমেদ লালমনিরহাট-২ (কালিগঞ্জ-আদিতমারী) আসনের সংসদ সদস্য ছিলেন এবং ২০১৫ সালে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। ২০১৯ সালে সমাজকল্যাণমন্ত্রীর দায়িত্বেও তিনি ছিলেন। ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।