লালমনিরহাট সদরের বড়বাড়ী ইউনিয়নের আমবাড়ী গ্রামে এক ধার্মিক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন সাংবাদিক বিপুল ইসলাম। ভাইদের মধ্যে তিনি সবার বড়। শৈশব থেকেই শিক্ষা, সামাজিক কর্মকাণ্ড ও সাধারণ মানুষের জীবনযাত্রার প্রতি আগ্রহ তাঁকে সাংবাদিকতা পেশায় আসতে অনুপ্রাণিত করে।
২০১৪ সালে রংপুরের একটি স্থানীয় পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা জীবনের সূচনা করেন তিনি। এরপর বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকা এবং অনলাইন আইপি টেলিভিশনে কাজের মাধ্যমে পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন। দীর্ঘ পথচলায় সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, অনুসন্ধান, প্রতিবেদন তৈরি, আলোকচিত্র ধারণ ও মাল্টিমিডিয়া সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন।
বর্তমানে তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর লালমনিরহাট জেলা সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি লালমনিরহাট টেলিভিশন ও মাল্টিমিডিয়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হিসেবে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমে ভূমিকা রাখছেন।
সাংবাদিকতায় তাঁর আগ্রহের অন্যতম ক্ষেত্র স্থানীয় উন্নয়ন, ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি, কৃষি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও জনদুর্ভোগ। বিশেষ করে প্রান্তিক মানুষের জীবনযাত্রা, নাগরিক সমস্যা, সামাজিক বাস্তবতা এবং স্থানীয় সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে তিনি গুরুত্ব দেন।
সংবাদ পরিবেশনায় ঘটনার বিবরণের পাশাপাশি তথ্য - উপাত্ত , সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য, বাস্তব পরিস্থিতি ও ঘটনার অন্তর্নিহিত কারণ তুলে ধরার চেষ্টা করেন তিনি। কোনো সমস্যা বা জনদুর্ভোগের প্রতিবেদন তৈরির ক্ষেত্রে এর সামাজিক প্রভাব , মানুষের প্রত্যাশা এবং সম্ভাব্য সমাধানের দিকগুলোও পাঠকের সামনে উপস্থাপনকে গুরুত্ব দেন। তাঁর বিভিন্ন জনস্বার্থসংশ্লিষ্ট প্রতিবেদন স্থানীয় ও জাতীয় পর্যায়ের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে।
শিক্ষাজীবনে তিনি আমবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর শহীদ আবুল কাশেম উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন এবং কদমতলা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরবর্তী সময়ে রংপুরের কে আলী বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা অর্জন করেন। এরপর রংপুরের মাহিগঞ্জ কলেজের বাংলা বিভাগ থেকে স্নাতক (সম্মান) এবং কারমাইকেল কলেজ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিনি জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) এবং প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) থেকে সাংবাদিকতাবিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করে সনদ অর্জন করেছেন। এসব প্রশিক্ষণের মাধ্যমে গণমাধ্যম, সংবাদ পরিবেশনা ও পেশাগত দক্ষতা উন্নয়নের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেছেন।
সাংবাদিক বিপুল ইসলামের কাছে সাংবাদিকতা কেবল সংবাদ সংগ্রহ ও প্রকাশের পেশা নয় ; এটি মানুষের কথা বলার, সমাজের বাস্তবতা তুলে ধরার এবং জনস্বার্থে দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তিনি মনে করেন, একজন দায়িত্বশীল সাংবাদিকের কাজ শুধু কোনো ঘটনার তথ্য প্রকাশ করেই শেষ হয় না ; বরং তথ্যের সত্যতা যাচাই, বস্তুনিষ্ঠতা বজায় রাখা, মানুষের অধিকার ও সমস্যাকে গুরুত্ব দেওয়া এবং সমাজের সামনে বাস্তব চিত্র তুলে ধরাও সাংবাদিকতার অপরিহার্য দায়িত্ব।
সংবাদ ও লেখনীর মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, মানুষের কল্যাণ এবং জনস্বার্থসংশ্লিষ্ট সমস্যা সমাধানে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে চান তিনি।