সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জামায়াতে ইসলামীর এক কর্মীসভায় সাবেক ছাত্রলীগ নেতা জাকারিয়া হোসেনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনীতিতে শুরু হয়েছে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়া।
জানা গেছে, ১২ জুন উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের উদ্যোগে বজ্রাপুর বাজারে ওই কর্মীসভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম খাঁন। ভাইরাল ছবিতে দেখা যায়, জাকারিয়া সভায় অতিথিদের পাশে বসে আছেন। তিনি উল্লাপাড়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বজ্রাপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে।
২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর অনুমোদিত ছাত্রলীগ কমিটিতে জাকারিয়া দায়িত্ব পেয়েছিলেন। দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন তিনি। স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। তবে অভিযোগ রয়েছে, সরকার পতনের ঘটনার পর তিনি জামায়াতপন্থিদের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তোলেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে জাকারিয়া জানান, “আমার বাবা জামায়াতের রোকন। ঈদের সময় তিনি বাড়িতে এসে আমাকে ওই সভায় নিয়ে যান। আমি ছাত্রলীগ করেছি ঠিকই, তবে বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নই এবং শিবিরেও যোগ দেইনি।”
উল্লাপাড়া জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলি জানান, জাকারিয়া জামায়াতে যোগ দিয়েছেন কি না, তা তিনি জানেন না।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিরাজগঞ্জ জেলা সদস্য সচিব মেহেদী হাসান বলেন, “একজন সাবেক ছাত্রলীগ নেতার জামায়াতের মঞ্চে দেখা যাওয়া রাজনৈতিক আদর্শ ও নৈতিকতার চরম বিপর্যয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।”
ছবিটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
জেএইচ/ইডি