সিরাজগঞ্জ সদর উপজেলার খোকসাবাড়ি ইউনিয়নের গুণেরগাতী গ্রামের ভূইয়া পাড়ায় চোরের হামলায় এক দাদি ও তার নাতনি গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিনের কাজ শেষে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন মরহুম আল-মাহমুদের স্ত্রী নার্গিস বেগম (৫২) এবং তার ভাতিজা সুমনের মেয়ে, এসএসসি পরীক্ষার্থী শর্মিলা (১৩)। গভীর রাতে তিনজন চোর ঘরে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, কানের দুল খুলে নেওয়ার সময় দাদি ও নাতনি জেগে উঠলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তাদের মাথা, কানের নিচে ও হাতে গুরুতর জখম করা হয়। পরে চোরেরা মোবাইল ফোন ও স্বর্ণের কানের দুল নিয়ে পালিয়ে যায়। যাওয়ার আগে পাশের বাড়ির দরজাও রশি দিয়ে বেঁধে দেয় বলে অভিযোগ রয়েছে।
প্রায় এক ঘণ্টা পর শর্মিলার জ্ঞান ফিরলে সে চিৎকার করে তার বাবাকে ডাকতে থাকে। পরে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আহত শর্মিলাকে প্রথমে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আরও উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
অন্যদিকে, বিধবা নার্গিস বেগম বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পরিবার জানায়, দিনমজুর সুমন অত্যন্ত অসচ্ছল। তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে। বড় মেয়ে শর্মিলা এসএসসি পরীক্ষার্থী। অভাব-অনটনের মধ্যেই তাদের সংসার চলছিল। এমন ঘটনায় পরিবারটি আরও অসহায় হয়ে পড়েছে।
পরিবারের অভিযোগ, দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে।