নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে প্রেমের টানে বাংলাদেশে প্রবেশ করেছে ভারতের এক কিশোরী। বুধবার (২৮ মে) দুপুরে উপজেলার বামনপাড়া বিওপি সীমান্ত পিলার ২৪৫/সি এস এলাকা দিয়ে সে বাংলাদেশে প্রবেশ করে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা তাকে আটক করে সাপাহার থানায় হস্তান্তর করেন।
ঘটনার পর বৃহস্পতিবার (২৯ মে) সীমান্ত আইন অনুযায়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
জনা গেছে, ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বাবনগোলা থানার কাশেমপুর গ্রামের নুপুর সরকার (১৬) নামের ওই কিশোরীর সঙ্গে ফেসবুক ও মেসেঞ্জারের মাধ্যমে বাংলাদেশের মাসুদ নামের এক যুবকের পরিচয় হয়। পরে মাসুদ ভারতে কাজ করতে গেলে তাদের মধ্যে ঘনিষ্ঠতা গড়ে ওঠে।
বুধবার দুপুরে মাসুদের সঙ্গে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে নুপুর। তবে ভারতের বিএসএফ সদস্যরা মাসুদকে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। এ সময় নুপুর একাই বাংলাদেশে ঢুকলে বামনপাড়া বিওপির বিজিবি সদস্যরা তাকে আটক করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, ঘটনার পরপরই পতাকা বৈঠকের মাধ্যমে মেয়েটিকে ফেরত নেওয়ার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তা প্রত্যাখ্যান করে। পরে সন্ধ্যায় বিজিবি সদস্যরা নুপুরকে সাপাহার থানায় হস্তান্তর করেন।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আজিজ জানান, বিজিবির মাধ্যমে কিশোরীকে থানায় হস্তান্তরের পর সীমান্ত আইন অনুযায়ী একটি মামলা রুজু করা হয়েছে। বর্তমানে মেয়েটিকে থানায় রাখা হয়েছে এবং তার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।
জেএইচ/ইডি