নওগাঁয় বাসের ধাক্কায় মোটরসাইকেলচালক নিহত
নওগাঁর পত্নীতলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় শ্যামল তিগ্গা (৪০) নামে এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নজিপুর-ধামইরহাট আঞ্চলিক সড়কের বিজিবি ক্যাম্পসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল মোটরসাইকেল নিয়ে পার্শ্ববর্তী সড়ক থেকে প্রধান সড়কে উঠছিলেন। এ সময় দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত শ্যামল তিগ্গা পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের রায়তারা এলাকার বিরশা তিগ্গার ছেলে।
পত্নীতলা থানার ওসি নিয়ামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।