ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার ওপর জোর দিয়ে জয়পুরহাটের কালাইয়ে মহাসড়কের দুই পাশে বিভিন্ন জলাশয়ে জমে থাকা কচুরিপানা অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হচ্ছে।
উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে জেলা বিডি ক্লিনের সদস্য, পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী ও স্কাউট সদস্যরা নিয়মিত এ কার্যক্রমে অংশ নিচ্ছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের কালাই পৌরশহরের ব্র্যাক অফিস এলাকায় চলমান পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার।
এ সময় কালাই উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ফয়সাল আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল মাহবুব, কালাই সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম সরকার, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল আলিম সরকার, উপজেলা জামায়াতের আমির তাইফুল ইসলাম ফিদা, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনিছুর রহমান তালুকদার ও সাবেক কাউন্সিলর আমিনুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার বলেন, ডেঙ্গু বর্তমানে একটি মারাত্মক ব্যাধি। ইতোমধ্যে এ রোগে অনেক প্রাণহানি ঘটেছে। তাই ডেঙ্গুর প্রাদুর্ভাব সম্পর্কে সবাইকে সজাগ থাকতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই।
তিনি বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার দায়িত্ব সবার। মশার লার্ভা জমে থাকার সম্ভাবনা রয়েছে এমন স্থান চিহ্নিত করে নিয়মিত পরিষ্কার করতে হবে।
ডেঙ্গুমুক্ত শহর গড়তে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।